দামুড়হুদায় ইজিবাইক চালকদের ধর্মঘট

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
দামুড়হুদায় ইজিবাইক চালকদের ধর্মঘট ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ধর্মঘট করেছেন ইজিবাইক চালকরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ধর্মঘট অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার ইজিবাইক চালকদের চুয়াডাঙ্গা পর্যন্ত যেতে না দেওয়ায় এ ধর্মঘট করেন উপজেলার সকল ইজিবাইক চালক। জানা যায়, দামুড়হুদা উপজেলার ইজিবাইককে চুয়াডাঙ্গা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, চুয়াডাঙ্গার ফকিরপাড়া পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। ফকির পাড়ার পর যাত্রীরা চুয়াডাঙ্গার সদর উপজেলার ইজিবাইকে চড়ে চুয়াডাঙ্গা শহরে প্রবেশ করছেন। এতে একদিকে যেমন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনই ইজিবাইক চালকদের দৈনন্দিন ভাড়া কম হচ্ছে। এমনকি অসুস্থ রোগীসহ যাত্রীদের ইজিবাইককেও চুয়াডাঙ্গায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে দামুড়হুদা উপজেলার প্রায় এক হাজার ইজিবাইক চালক একত্রিত হয়ে এ ধর্মঘট পালন করে। ইজিবাইক চালক তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতাল, কোর্ট, রেল স্টেশন সবই চুয়াডাঙ্গায় অবস্থিত। এজন্য আমাদের চুয়াডাঙ্গায় যাওয়াটা অপরিহার্য। আমাদের কেন চুয়াডাঙ্গায় ইজিবাইক নিয়ে যেতে দেওয়া হবে না? তার সুস্পষ্ট জবাব চাই। যতদিন পর্যন্ত আমাদের চুয়াডাঙ্গায় যেতে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত এই ধর্মঘট চলবে।’ এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ বলেন, এই ধর্মঘটের সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৫ জন ইজিবাইক চালককে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, গত আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান সড়কে অবৈধ যান ইজিবাইক চলতে দেওয়া হবে না। তবে এখন যেভাবে ইজিবাইক চলাচল করছে, সেভাবে চলতে হবে। পরবর্তী আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)