ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড আম্রকাননে অনুষ্ঠিত ব্রাইটস্টার শীতকালীন টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে ভাইকিংস চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভাইকিংস ৬৬ রানে স্বাগতিক ব্রাইটস্টারকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভাইকিংস নির্ধারিত ১০ ওভারে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুস্তম ৩৩, ওমর ২২ ও নাদিম ২১ রান করেন। ব্রাইট স্টারের পক্ষে অনু ও পল্লব দুটি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ভাইকিংসের জয়ের বিধ্বংসী বোলিং মুখে ব্রাইট স্টার ৭ ওভার ৪ বলে মাত্র ৩৯ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে পল্লব সর্বোচ্চ ১৩ রান করেন। ভাইকিংসের জয় ৩ ওভার বল করে ৪টি উইকেট লাভ করেন। খেলায় বিজয়ী দলের জয় ম্যাচ ম্যান অব দ্য ফাইনাল এবং বিজিত দলের রঞ্জু ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা ক্রিকেট দলের কোচ হাসানুজ্জামান হিলোন ও রোশনী কম্পিউটারের স্বত্বাধিকার রাসেল।
এদিকে, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর স্কুলমাঠে ভৈরব ক্লাব কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাক্তন খেলোয়াড় পলাশ, সানোয়ার, সোহেল রানা, বজলুর রহমান আরিফুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নাজমুল একাদশ জয়লাভ করে। বিজয়ী দলের সেলিম জয়সূচক গোলটি করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হলো সুমন ট্রেডার্স, লাল্টু একাদশ, পলাশ একাদশ এবং জাহাঙ্গীর একাদশ।
একই দিন, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা যুব সমাজের উদ্যোগে বুড়িপোতা মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টে গাংনী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী একাদশ ২-১ সেটে কাজীপুর একাদশকে পরাজিত করে। খেলা শেষে ইউপি সদস্য শরিফ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আবুল হাশেম, আব্দুল কুদ্দুস, কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১১টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
অপর দিকে, মেহেরপুর বাবলাতলা একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাবলাতলা একাদশ ও ওআইসি একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় বাবলাতলা একাদশ জয়লাভ করে। খেলায় বাবলাতলা একাদশ ৩-২ গোলে ওআইসি একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সেলিম, বিপুল ও হাসান একটি করে গোল করেন। বিজিত দলের পক্ষে আকিব ও রফিকুল একটি করে গোল করেন।
অন্যদিকে, মেহেরপুরে নতুন বছর উপলক্ষে শহরের শেখপাড়ার ভোরের ছায়া যুব সংঘ ক্লাবের উদ্যোগে ভোরের ছায়া সার্কেল টুর্নামেন্টে কনিক একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় কনিক একাদশ ৪০ রানে রুস্তম একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কনিক একাদশ ৮ ওভারে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রুস্তম একাদশ ৫০ রান করে সবাই আউট হয়ে যায়। পরে সেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ভোরের ছায়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আসার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভোরের ছোঁয়া যুব সংঘের সাধারণ সম্পাদক ফাহাদ খান।
