ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৮ জন। দেশে এ পর্যন্ত ৫ লাখ ১৬ হাজার ১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৬২৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন। গতকাল নতুন রোগী হাজারের কম। গতকাল অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ। গতকাল শনিবার করোনাভাইরাসে সংক্রমিত ২৩ জনের মৃত্যু হয়। একই সময় নতুন করে আরও ৬৮৪ জন রোগী শনাক্ত হন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও চারজন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪৭ জন। গতকাল রোববার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৫৫৫ জন। নতুন আক্রান্ত চার জনের মধ্যে সদর উপজেলার তিন জন ও দামুড়হুদা উপজেলার এক জন রয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা, বয়স ২১ থেকে ৫০ বছর পর্যন্ত।
জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩৩টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ২টি নমুনাসহ সংগৃহীত ৩৫টি নমুনা প্রেরণ করে। গতকাল উক্ত ৩৫টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। গতকাল জেলা স্থাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ২১টি ও দামুড়হুদা থেকে ১টি নমুনাসহ মোট ২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৪০২টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ২০৬টি, পজিটিভ ১ হাজার ৬৪৭টি, নেগেটিভ ৫ হাজার ৫৫৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিল ১৮ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এরমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গা জেলার বাইরে।
