ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনায় ফলাফল নেই, সুস্থ ৭
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। বছরের প্রথম দিনে এক হাজারের কম রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনে মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। নভেম্বরের শুরু থেকে আবার সংক্রমণ বাড়ে। তিন সপ্তাহ ধরে অবশ্য শনাক্তের হার আবার ১০ শতাংশের নিচে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনার নতুন কোন ফলাফল নেই। গতকাল জেলায় করোনা পজেটিভ বা নেগেটিভ কোনো ফলাফল আসেনি সিভিল সার্জন অফিসে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪৩ জন। গতকাল শুক্রবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার সদর উপজেলা থেকে থেকে করোনা আক্রান্ত ৭ জন সুস্থ হয়েছে। এখনন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫১ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার জেলা বিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ না করায় গতকাল করোনার কোন ফলাফল আসেনি। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেনি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৩৪৭টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ১৭১টি, পজিটিভ ১ হাজার ৬৪৩টি, নেগেটিভ ৫ হাজার ৫২৮টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ১৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
