ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গ্রামে সরকারি রাস্তার ইট জোরপূর্বক উত্তোলন করে রাস্তা দখলের অভিযোগ উঠেছে। জনগুরুত্বপূর্ণ রাস্তার জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টার ঘটনায় ক্ষুদ্ধ গ্রামবাসী। এ ঘটনায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে ডিহি গ্রামের সাবেক চেয়ারম্যান হাজি শামসুল হকের বাড়ি সংলগ্ন রাস্তার ইট উত্তোলন করে রাস্তার জায়গা নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন একই গ্রামের খেদের আলী মণ্ডলের ছেলে মো. ইউনুচ আলী ও আব্দুর রাজ্জাক, মো. ইউনুচ আলীর ছেলে ইসমাইল হোসেন, শুকুর আলীর ছেলে শাওন ও মৃত ইনামুল হকের ছেলে মোমিনুল ইসলাম। বিষয়টি গ্রামবাসী জানতে পেরে বাধা প্রদান করলে দখলকারীরা মারমুখী আচরণ করেন। এতে উত্তোজনা দেখা দেয়। গ্রামবাসী জানায়, এই রাস্তা দিয়ে গ্রামের একমাত্র কবরস্থানে যাতায়াত করার পাশাপাশি এলাকার কৃষকরা মাঠ থেকে তাঁদের উৎপাদিত ফসল বাড়িতে আনা-নেওয়া করে। তাছাড়া প্রায় ২০ ঘর মানুষের যাতায়াতের একমাত্র পথ এই রাস্তা। এই রাস্তায় স্থানীয়দের চলাচলের সুবিধার্থে বেগমপুর ইউনিয়ন পরিষদ ২০১০-১১ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে এইচবিবি কাজ করে দেয়। কিন্ত হঠাৎ করেই রাস্তার জমি নিজেদের বলে দাবি করে তা দখলের নেওয়ার চেষ্টা করছেন অভিযুক্তরা। এই নিয়ে চরম ক্ষুদ্ধ গ্রামবাসী। রাস্তাটি যাতে জোরপূর্বক দখল করতে না পারে, সে জন্য আইনগত সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করা হবে বলে গ্রামবাসী জানিয়েছে।
এ বিষয়ে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার বলেন, শুনেছি রাস্তার ইট জোরপূর্বক উত্তোলন করে দখলের চেষ্টা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
