ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দামুড়হুদায় ট্রেনে কেটে সুজন (২৫) নামের এক যুবককের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বেলা সাড়ে ১১টার দিকে রেললাইনের পাশ থেকে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সুজন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পাঠানপাড়া রেল কলোনির সাগর ওরফে সাগর পাগলার ছেলে। গতকাল রাতেই দর্শনা মোবারকপাড়া কবরস্থানে নিহত সুজনের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মৃত ব্যক্তির প্রথমে পরিচয় না মিললেও পরে তাঁর পরিচয় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দর্শনা পাঠানপাড়ার একজন মাদকসেবী ও ছিচকে চোর। দীর্ঘদিন তিনি বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় একটি মহল জানায়। কিছুদিন আগেও তিনি জেল খেটে বের হয়ে এসেছেন। কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়ার পর তাঁকে সাজা দিতে রেললাইনের যেখানে যুবকের পা ট্রেনে কর্তন হয়, সেই স্থানে ডাউন রেললাইনের সঙ্গে জিআই তার দিয়ে বাধা ছিল এবং কর্তনকৃত পায়ের সঙ্গেও জিআই তার বাধা ছিল বলে স্থানীয়রা জানান। তবে কোন ট্রেনে পা’টি কর্তন হয়েছে, তা সঠিকভাবে কেউ বলতে না পারলেও তাদের ধারণা সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটতে পারে।
দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান জানান, আজ হয়ত নিহতর পরিবারের পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় মামলা করতে পারে।
দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্ক আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। তারা বিষয়টি তদন্ত করছে। তবে কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে, তা এখনও জানা যায়নি।
