চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে দিন-দুপুরে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে দিন-দুপুরে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে দিন-দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বর থেকে এ ঘটনা ঘটে। এদিকে সদর হাসপাতালে অপরাধ রোধে পুলিশ নিয়োজিত থাকলেও তারা ঠিক মতো দায়িত্ব পালন করে না বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার শান্তিপাড়ার আনছার আলীর ছেলে ইমদাদুল হক তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে ডা. নয়নের চেম্বারে যায়। কয়েক মিনিটের পর এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে মোটরসাইকেল মালিক ইমদাদুল হক সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার তদন্তে থানা পুলিশ সদর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে হাসপাতাল চত্বরের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এদিকে সদর হাসপাতালের রোগী ও একাধিক স্টাফ বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাঝেমধ্যেই রোগীর ও স্বজনদের টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। এর বেশির ভাগ সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্ত হলেও পুলিশ এখন পর্যন্ত তাদের টিকিও ছুতে পারেনি। এরইমধ্যে আবার সদর হাসপাতাল চত্বর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটল, তাও দিনে-দুপুরে। তারা আরও বলেন, সদর হাসপাতালে পুলিশের টিম ২৪ ঘণ্টা নিয়োজিত থাকলেও তারা ঠিক মতো ডিউটি করে না। জরুরি বিভাগের সামনে একটি রুমে তারা অবস্থান করে। হাসপাতালে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা না ঘটলে তারা ঘটনাস্থলে যায় না। তা ছাড়া ওই রুম থেকে বের হয় না। পুলিশ থেকেও যদি চুরির ঘটনা ঘটে, তাহলে চুরি ঠেকানো কীভাবে সম্ভব? পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই হাসপাতালের অপীতিকর ঘটনা এড়ানো সম্ভব। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, সদর হাসপাতাল চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সিসিটিভির ফুটেজ সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি আরও বলেন, সদর হাসপাতালে নিয়োজিত থাকা পুলিশ ঠিক মতো ডিউটি করে না। মাঝেমধ্যে পুলিশকে ডেকে ডিউটি করানো হয়। সদর হাসপাতালে পুলিশ ডিউটির অনিয়মের বিষয়ে একটি অভিযোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘হাসপাতাল থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করেছি। এবিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে মোটরসাইকেলের মালিক। আমরা ইতোমধ্যে অভিযুক্তদেরকে ধরতে অভিযান চালাচ্ছি।’ হাসপাতালে পুলিশের ডিউটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মূলত হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যদের কাজ হলো জরুরি বিভাগের সামনে ভিড় কিংবা বিশৃঙ্খলা না হয়, তা দেখাশোনা করা। তারপরও নিয়োজিত পুলিশে পুরো হাসপাতাল যেন সব সময় তদারকি করে এজন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)