মেহেরপুরে সরকারি ঘর দেওয়ার নামে মেম্বারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
মেহেরপুরে সরকারি ঘর দেওয়ার নামে মেম্বারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে সরকারি ঘর করে দেওয়ার নামে এক মেম্বারের বিরুদ্ধে ৪০ জনের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মেহেরপুর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মশিউর রহমান ডাবলুর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এলাকার অনেকে। ‘জমি আছে ঘর নেই’ সরকারের এই প্রকল্পের অধীনে বাড়ি করে দেওয়ার নাম করে ৪০ জন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ মেম্বার মশিউর রহমান ডাবলুর বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, দুই বছর আগে সারা দেশের ন্যায় আমঝুপি ইউনিয়নেও সরকারের ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের কাজ শুরু হয়। রঘুনাথপুর গ্রামে এ প্রকল্পের আওতায় ঘর করে দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন মেম্বার মশিউর রহমান ডাবলু। টাকা নেওয়ার পর ঘর বা টাকা কোনোটায় ফিরে পাননি ভুক্তভোগীরা। আবার কারোর কাছ থেকে ঘরের ইট, বালু ও মিস্ত্রি খরচ নিয়ে ঘর করে দিয়েছেন। রঘুনাথপুর গ্রামের জাফারুল ইসলাম বলেন, ‘আমার কাছ থেকে ঘর করার জন্য ইটের দাম, মিস্ত্রি খরচ এমনকি মিস্ত্রিদের দুপুরের খাবার পর্যন্ত নিয়েছেন মেম্বার। একটি ঘর পাওয়ার আশায় টাকা দিয়েছিলাম। কিন্তু সরকারের নাম করে এভাবে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা নিয়ে ঘর করে দেওয়ার দরকার কী?’ রঘুনাথপুর গ্রামের অপর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘ঘর করে দেওয়ার নামে আমার থেকে পাঁচ হাজার টাকা দাবি করে। আমি ছাগল বেঁচে পাঁচ হাজার টাকা দিই। কিন্তু আমি ঘরও পাইনি, টাকাও পাইনি। আমি টাকার কথা বললে বিষয়টি ডাবলু মেম্বার এড়িয়ে যায়।’ গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন, মেম্বার মশিউর রহমান ডাবলু ঘর করে দেওয়ার নামে জাফারুল, বিল্লাল, মিলন, ইমান, মুজাহিদ, আসাবুল, সুরুজসহ প্রায় ৪০ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু কেউই ঘর পাইনি। কবে পাবে তাও জানে না কেউ। এ বিষয়ে মেম্বার মশিউর রহমান ডাবলু বলেন, ‘আমি কারোর কাছ থেকে টাকা নিইনি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব কুৎসা রটাচ্ছে আমার প্রতিপক্ষ।’ এদিকে, অভিযোগকারী রফিকুল ইসলাম গতকাল রোববার রাতে মোবাইলে জানিয়েছেন সাংবাদিকদের খোঁজখবর নেওয়ার পরে গত শনিবার রাতে তার পাঁচ হাজার টাকা ফেরত দিয়েছেন ডাবলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)