ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মদিন আজ। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ঢাকাসহ টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকায় আজ বেলা ১১টায় নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মওলানা ভাসানীর বাবা হাজী শারাফত আলী ও মা বেগম শারাফত আলীর এক মেয়ে ও তিন ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ছেলে-মেয়েরা বেশ ছোট থাকতেই হাজী শারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত ও দুই ছেলে মারা যায়। বেঁচে থাকেন শুধু শিশু আবদুল হামিদ খান। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তাঁর ভাষণ শুনে ভাসানী রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ১৯১৯ সালে কংগ্রেসে যোগদান করেন। পরে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে তিনি ১০ মাস কারাভোগ করেন। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। ১৯২৫ সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন। ১৯২৬ সালে তিনি তাঁর সহধর্মিণী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন। সেখানে তিনিই প্রথম কৃষক-প্রজা আন্দোলন শুরু করেন। ১৯২৯ সালে আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম তিনি কৃষক সম্মেলনের আয়োজন করেন। এখান থেকেই তাঁর নাম হয় ‘ভাসানীর মওলানা’। এরপর থেকে তাঁর নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। ১৯৩৭ সালে মওলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করে যোগ দেন মুসলিম লীগে। মওলানা ভাসানী ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলন সমর্থন করেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন। তখন পাকিস্তান বাহিনী তাঁর টাঙ্গাইলের সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। ১৯৭১ সালের ২৩ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মওলানা ভাসানী একটি বিবৃতি দেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কাজেও যুক্ত ছিলেন। তিনি আসামে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
