ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা জেলা জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কুমারি, হারদী ও ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৯ জন। এর মধ্যে মিজানুর রহমান ১৪ ভোট, আসাদুল ইসলাম ১৩ ভোট, শেখ তাজনুর ১০ ভোট ও আব্দুর রাজ্জাক ২ ভোট পান। মিজানুর রহমানকে রিটার্নিং অফিসার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এদিকে, মিজানুর রহমান জয়লাভের পরপরই ছাত্রলীগের নেতারা তাঁকে নিয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিজান তিন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের অভিনন্দন জানিয়েছেন। বেলা তিনটার দিকে মিজানুর রহমান নেতৃবৃন্দ নিয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বাসভবনে দেখা করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিল আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারি ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
