ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গায় ইতি খাতুন (১১) নামের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইতি খাতুন সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মমি খাতুনের মেয়ে।
জানা যায়, গতকাল সকালে মায়ের সঙ্গে শিশু ইতির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পেশায় তিনি দিনমজুর হলেও শীত মৌসুমে গ্রামের মোড়ে ভাপা পিঠা বিক্রি করে মমি খাতুন। সকালে মেয়ের সঙ্গে ঝগড়ার পর মমি খাতুন পিঠা বিক্রি করতে চলে যায়। দুপুরে বাড়ি ফিরে ঘরে ঢুকে মেয়েকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে মৃত অবস্থায় নিচে নামায়।
এবিষয়ে ইতি খাতুনের মা মমি খাতুন জানান, ‘ইতির মানসিক সমস্যা ছিল। মাঝেমধ্যেই সে গাছে কিংবা উঁচু জায়গায় উঠে আত্মহত্যার চেষ্টা করত।’ স্থানীয় ইউপি সদস্য আবু সালেহও ঘটনার সত্যতা স্বীকার করেন।
দর্শনা থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ পিপিএম বলেন, এ বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে যায়। স্থানীয় ব্যক্তিদের থেকে জানতে পারি মেয়েটির মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে, গতকাল এশার নামাজের পর জানাজা শেষ গ্রামের কবরস্থানে ইতির দাফনকার্য সম্পন্ন করা হয়।
