ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী:
নেই কোনো অফিস, নেই সরকারি নিবন্ধন। তারপরও এবিডিএফ নামে একটি আন্তর্জাতিক সংস্থার নাম ভাঙিয়ে শতাধিক যুবক-যুবতীকে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণ দিচ্ছে আল-বারাকা ডেভেলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সোমবার সকাল থেকে মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়কে কুটুম বাড়ি রেস্টুরেন্টে শতাধিক যুবক-যুবতীকে নিয়ে পরিবেশের অক্সিজেন বাড়ানোর প্রশিক্ষণ দিয়েছে এই প্রতিষ্ঠানটি। এ সময় সাংবাদিক ও আইনপ্রয়োগকারী সংস্থার একটি দল সেখানে উপস্থিত হলে তারা দ্রুত অনুষ্ঠান শেষ করে। তবে এই প্রতিষ্ঠানের দাবি তারা গাছ বাঁচিয়ে আক্সিজেনের পরিমাণ বাড়াতে কাজ করছে। আর এই নিয়ে চলছে তাদের প্রশিক্ষণ।
আল-বারাকা ডেভেলপমেন্ট-এর সমন্বয়কারী সৌরভ বাছার বলেন, এটি একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সংগঠন। এখানে কাউকে টাকা দেওয়া হবে না আবার কারো কাছ থেকে টাকা নেওয়া হবে না। তবে এবিডিএফ নামে একটি বিদেশি প্রতিষ্ঠান মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ প্রদান করবে।
চাকরি প্রত্যাশিত প্রশিক্ষণার্থীরা বলেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে গাছের মালিকের নাম নিবন্ধন ও জরিপের কথা বলা হয়েছে। এ জন্য তাদের মাসে ১৫-২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে প্রথমে কিছুদিন বিনা বেতনে কাজ করতে হবে। তবে কতদিন বিনা বেতনে কাজ করতে হবে তা কর্তৃপক্ষ স্পষ্ট করছেনা। আল-বারাকা ডেভেলপমেন্ট-এর প্রশিক্ষক জান্নাতুনেছা বলেন, সরকারি কোনো সংস্থার নিবন্ধন তাদের নেই। এবিডিএফ নামে একটি বৈদেশিক প্রতিষ্ঠান তদের অনুমোদন দিয়েছে, তাই সরকারি কোনো প্রতিষ্ঠানের অনুমোদনের প্রয়োজন তাদের নেই। দেশের ৬৪ জেলাতে তাদের কার্যক্রম শুরু হচ্ছে। তারা এখন কর্মী সংগ্রহ শুরুর করেছেন মাত্র, তাই এখনও কোন জায়গায় তাদের অফিসও নেয়নি। পরবর্তীতে তারা জেলা, থানাসহ প্রতিটি ইউনিয়নে অফিস করবে।
