ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরের পিটিআই খেলার মাঠে গরু চরানো নিয়ে ক্রিকেট পিচ কুপিয়ে নষ্ট করার প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। গতকাল শনিবার পিটিআই খেলার মাঠ-সংলগ্ন সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার টাকা ব্যয়ে তৈরি ক্রিকেট পিচ কুপিয়ে নষ্টকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী।
চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী পিটিআই ফুটবল মাঠের নিয়মিত খেলোয়াড় ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে শান্ত (৪০) দীর্ঘদিন ধরে ফুটবল মাঠে ৮-১০টা গরু বেঁধে রেখে যান। গত কয়েকদিন ধরে এলাকার যুবকেরা প্রায় ২০ হাজার টাকা খরচ করে মাঠে ক্রিকেট পিচ তৈরি করেছে। অথচ গত শুক্রবার বিকেলে ওই পিচের উপর গরু পা দিয়ে খুড়ে এবং গোবর দিয়ে নষ্ট করে। এরই জের ধরে মাঠের খেলোয়াড়রা ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত শান্তকে মাঠে গরু বাঁধতে নিষেধ করে। পরে সন্ধ্যায় প্রকাশ্যে কোদাল দিয়ে ক্রিকেট পিচ কুপিয়ে নষ্ট করে দিয়ে যায় শান্ত।’ এদিকে, পিচ কোপানো নিয়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটলে শান্ত বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে রাতেই সদর থানা পুলিশ শান্তর মামলায় মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ওহাব আলীর কলেজপড়ুয়া ছেলে সজিব আলী (১৮) কে আটক করে। এরপর গতকাল শনিবার বিকেলে পিটিআই ফুটবল মাঠের খেলোয়াড় ও এলাকাবাসী শান্তর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। এবিষয়ে অভিযুক্ত শান্তর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ক্রিকেট পিচ কোপানোর বিষয়ে কেউ অভিযোগ করেনি, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
