প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদহ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে লামিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে কুমার নদে ডুবে যায় সে। লামিয়া উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের কন্যা ও সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে সমবয়সী খেলার সাথীদের সাথে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে তার দেহ ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
