ছবির ক্যাপশন:
আইনশৃঙ্খলা কমিটির সভায় জীবননগরে উপজেলা চেয়ারম্যান হাফিজ
জীবননগর অফিস:
জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ওসি সাইফুল ইসলাম, ধোপাখালী বিওপি কমান্ডার ও বেনীপুর বিওপি কমান্ডার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি কর্মকর্তা তহমিনা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা, সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস।
সভায় প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন করার জন্য এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা, মাস্ক, পিপি ও হ্যান্ড স্যানিটাইজার সাধ্যমত উপজেলা পরিষদ থেকে সরবরাহ করা হবে। এছাড়াও পাবলিক প্লেস, হাট-বাজার, মসজিদ, মন্দিরে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার অনুরোধ জানান। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন হাট-বাজার থেকে গরু ক্রয় করে আসার সময় অনেক রাত হয়ে যায়, যার জন্য তাদেরকে বিজিবি ক্যাম্পে গিয়ে গরু দেখিয়ে অনুমতি নিতে হয়, যা অনেক ভোগান্তির। এসময় তিনি সকল গরু ব্যবসায়ীদের নিকট থেকে তথ্য নিয়ে রাখতে বিজিবিকে অনুরোধ করেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, গত মাসে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে ৯টি। জরিমানা আদায় করা হয়েছে ৬১ হাজার ৪শ ৩০টাকা। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে ৪ জনকে। উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, উপজেলার ইজিবাইকগুলো মহাসড়কে উঠতে পারবে না এবং প্রতিটি গাড়িতে হলুদ রঙ ইতিমধ্যে ৯১ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকীগুলোকে বাধ্যতামূলক দ্রুত নিশ্চিত করতে হবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এলাকায় শুকনো মৌসুমে চুরি বৃদ্ধি হতে পারে, কারণ শুকনো মৌসুমে তারা পালানোর সুযোগ পেয়ে থাকে। সেজন্য বিট পুলিশিংয়ের মাধ্যমে রায়পুর, আন্দুলবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় গ্রাম ডিউটি চালু করা হবে।
