ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার গড়াইটুপি সাধারণ ও আলমডাঙ্গার ডাউকি ও খাদিমপুর ইউপিতে উপ-নির্বাচন আজ
আফজালুল হক/আকিমুল ইসলাম:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপিতে সাধারণ নির্বাচন ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি ও খাদিমপুর ইউপিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এরমধ্যে গড়াইটুপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। গতকাল ভোটগ্রহণের সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত রোববার দিবাগত রাত একটা পর্যন্ত উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করেছে আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু হয়ে গেছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও মাঠে রয়েছেন। নির্বাচনী এলাকাগুলোতে সবধরনের যান চলাচলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এদিকে, এই নির্বাচনে কে হবেন চেয়ারম্যান-মেম্বার সেই আলোচনা সাধারণ ভোটরসহ এখন সবার মুখে মুখে। নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবশে বিরাজ করছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো গড়াইটুপি ইউনিয়নকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এক প্লাটুন বিজিবি, দুটি র্যাবের মোবাইল টিম ও আনসার সদস্যরা নির্বাচনের মাঠে কাজ করবে।
নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে সাতজন ও সাধারণ সদস্য পদে আটত্রিশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শফিকুর রহমান রাজু মাস্টার (নৌকা), বিএনপি মনোনীত আকতার হোসেন (ধানের শীষ), রেজাউল করিম (স্বতন্ত্র), আব্দুল মতিন খোকন (স্বতন্ত্র) এবং ঘোড়া প্রতীকে আব্দুল ওয়াহেদ মিয়া (স্বতন্ত্র)। সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে উম্মে হাসিনা, রওশন আরা বেগম ও নাসিমা খাতুন। ২নং ওয়ার্ডে তাসলিমা খাতুন ও মৌসুমী বেগম এবং ৩নং ওয়ার্ডে শাহিনুর বেগম ও তাছলিমা খাতুন।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে পিন্টু মিয়া, মোক্তার হোসেন, সাঈদ খোকন, স্বপন আলী ও আসাদুল হক। ২নং ওয়ার্ডে রবিউল ইসলাম, আব্দুল হক ও ইছানুল হক ৩নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ছানোয়ার হোসেন ও মোমিন। ৪নং ওয়ার্ডে আক্কাছ আলী, শাহাজুল হক, আব্দুস সাত্তার শেখ ও নিতাই চন্দ্রপাল। ৫নং ওয়ার্ডে মহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, আসাদুল হক, ফারুক হোসেন ও মোফাজ্জেল হোসেন। ৬নং ওয়ার্ডে আব্দুল হালিম, নজরুল ইসলাম, আসাদুল হক, জিল্লুর রহমান। ৭নং ওয়ার্ডে মতিয়ার রহমান, আলমগীর হোসেন, হাসেম আলী, আলামিন হোসেন ও মহিউদ্দিন ৮নং ওয়ার্ডে মো. ইসরাফিল, রাশিদুল ইসলাম, আব্দুল করিম, মোক্তার হোসেন, মো. আসাদুল্লাহ, জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ডে ফারুক মিয়া, আব্দুল কাদের (আলী কদর) ও শাহ আলম।
সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৯১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৫৪ জন।
এদিকে, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গড়াইটুপি ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘ভোটগ্রহণের সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার পর থেকে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। সবধরনের ইঞ্জিনচালিত গাড়ি নির্বাচনী এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আসনার ও বিজিবির সদস্যরা রয়েছেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা টহল দেবেন। পাশাপাশি থাকবেন অতিরিক্ত জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা করে নিরাপত্তার বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ভোটগ্রহণের সময় কেন্দ্রের আশপাশে অবাঞ্ছিত লোকজন নির্বাচনকেন্দ্রিক অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দেশের প্রচলিত আইনানুয়ায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অপরদিকে, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা গত রোববার রাতে শেষ হয়েছে। আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কে হচ্ছেন চেয়ারম্যান? এ প্রশ্ন সবার মুখে মুখে। আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী গত ২৫ দিনেরও বেশি সময় ভোটারদের দ্বারে দ্বারে ছুুটেছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী তরিকুুল ইসলাম, বহিস্কৃত প্রার্থী নাজমুল হুসাইন ও ধানের শীষের প্রার্থী ইউনুচ আলীর মধ্যেই হবে মূল লড়াই বলেই সাধারণ ভোটাররা জানান।
উল্লেখ্য, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুতে পদটি শূণ্য হলে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এদিকে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ।
