ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার হাউসপুর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে একটি আইসক্রিম ফ্যাক্টরী ও একটি বেকারিকে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে মেসার্স মুছা সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে আইসক্রিমে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার, মেয়াদ-মূল্য ইত্যাদি না লেখা ও অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে আইসক্রিম বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১২শ পিস অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে নষ্ট করা হয়। পরে মেসার্স ফয়সাল বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
