ধর্ষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না -চুয়াডাঙ্গার এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-10-18 ইং
ধর্ষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না -চুয়াডাঙ্গার এসপি জাহিদ ছবির ক্যাপশন:
প্রথমবারের মতো চুয়াডাঙ্গা, মেহরেপুর ও ঝিনাইদহসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ সমীকরণ ডেস্ক: প্রথমবারের মতো পুলিশের উদ্যোগে চুয়াডাঙ্গা, মেহরেপুর ও ঝিনাইদহসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সারা দেশে প্রায় ৭ হাজার সমাবেশ করে পুলিশ। বাংলাদেশে পুলিশের মোট ৬৪৭টি থানা। এই থানাগুলোতে পুলিশের মোট বিট ছয় হাজার ৯১২টি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সবগুলো বিটেই গতকাল শনিবার ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে অনুষ্ঠিত সমাবেশগুলোতে ধর্ষণের বিরুদ্ধে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেকেই অংশ নেন। এসব সমাবেশ থেকে ভুক্তভোগীদের নির্ভয়ে থানায় অভিযোগ করা আহ্বান জানানো হয়। সাধারণ মানুষ যেন ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নেন এবং পুলিশকে ধর্ষণ প্রতিরোধে সহায়তা করেন, সে আহ্বানও জানানো হয় সারা দেশে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে। সমাবেশগুলো পুলিশ কর্মকর্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। চুয়াডাঙ্গা: সারা দেশব্যাপী খুন, ধর্ষণ নারী নির্যাতন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখি সমৃদ্ধি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার নীলার মোড় ২নং বিট পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, খুন, ধর্ষণ নারী নির্যাতন, ইভটিজিংসহ গুরুতর অপরাধ প্রতিরোধে সারাদেশব্যাপী প্রতিটা থানা এলাকায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার নীলার মোড়ে ২ নং বিট পুলিশিং সমাবেশে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার এসপি জাহিদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছেন। তাই ধর্ষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মানুষকে সচেতন করে তোলা, নারীদের নিরাপত্তা এবং সুবিচারের লক্ষে আমাদের এই বিট পুলিশিং কার্যক্রম। এই জন্য সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিকের উচিত নিজে থেকে সচেতন হওয়া। আপনারা জানেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দ্বায়িত্ব পালন করছে।’ এসপি জাহিদ আরও বলেন, ‘নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। একইসাথে সমাজের সার্বিক উন্নতি সাধনে আমাদের আরও সতর্ক হতে হবে।’ সমাবেশে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিট পুলিশিং এলাকার নারী সমাজের প্রতিনিধি, কাউন্সিলর, রাজনৈতিক বেতৃবৃন্দ, বিট পুলিশের কর্মকর্তাসহ এলাকার সাধারণ নারী-পুরুষ। আলমডাঙ্গা: `` ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা পৌরসভা এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখি সমৃদ্ধি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরসভায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, আলী আজগর সাচ্চু, জহুরুল ইসলাস স্বপন, আব্দুল গাফ্ফার, সদর উদ্দিন ভোলা, মতিয়ার রহমান ফারুক, ফারুক হোসেন, জাইদুল ইসলাম, মামুন আর রশিদ হাসান, কল্পনা খাতুন, নূর জাহান খাতুন, থানার এসআই সিদ্ধার্থ, এসআই সুব্রত, এসআই শফিকুল প্রমুখ। দর্শনা: ``সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আওতাধীন বিভিন্ন স্থানের বিট পুলিশিং কার্যালয়ে এক যোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর বিট পুলিশিং কার্যালয় এবং ঈশ্বচন্দ্রপুর বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও দর্শনা থানার আওতাধীন কুড়ুলগাছী ইউনিয়নের পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে, বেগমপুর ইউনিয়নে, নেহালপুর ইউনিয়নে, গড়াইটুপি ইউনিয়নে ও তিতুদাহ ইউনিয়নের নির্ধারিত বিট পুলিশিং কার্যালয়ে একযোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসকল সমাবেশস্থলে দর্শনা থানার এসআই, এএসআইসহ স্ব স্ব এলাকার স্থানীয় নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সকল স্থানের বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ও (তদন্ত ওসি) শেখ মাহাবুবুর রহমান। জীবননগর: ``জীবননগরে ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন এবং জীবননগর পৌরসভার ৩টিসহ উপজেলার ১১টি কেন্দ্রে বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ওসি অপারেশন মোল্লা সেলিম, জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আপিল উদ্দিন, মহিলা কাউন্সিলার বিউটি খাতুনসহ নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম এবং সকল শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সরোজগঞ্জ ``চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা থানার খাসকররায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে খাসকররা বাজারে বিট পুলিশিং অনুষ্ঠানে খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদ রানা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- খাসকররা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান, তিয়রবিলা ক্যাম্প ইনর্চাজ সঞ্জিত মণ্ডল, খাসকররা ইউনিয়নের সকল মেম্বার, মহিলা মেম্বার ও বাজারের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হিজলগাড়ী: ``‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যই নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি পুলিশ ক্যাম্পে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হিজলগাড়ি পুলিশ ক্যাম্পে উক্ত বিট পুলিশিং অনুষ্ঠানে হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ এসআই তাপস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল। এসময় আরও উপস্থিত ছিলেন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, দোস্ত বাজার কমিটির সভাপতি আব্দুর বারী বিশ্বাস, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শেফালী পারভীন, শাহানাজ পারভীন, আ.লীগ নেতা মিজানুর রহমান, মীর মফিজ উদ্দিন, ইউপি সদস্য আলী কদর, জিল্লুর রহমান, আবু সাহেল, মহিলা ইউপি সদস্য হালিমা খাতুন, শাহার বানু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার । মুন্সীগঞ্জ: ``ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে মুন্সীগঞ্জ ফাঁড়ি পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ ইমপ্যাক্ট অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন এসআই আছের আলী, এএসই রমেন সরকার, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল হান্নান মাস্টার, মুন্সীগঞ্জ একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান প্রমুখ। এ সময়ে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে চলার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। জয়রামপুর: ‘নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ শ্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে দাুড়হুদা মডেল থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার সময় উক্ত বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন- হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সালাউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য শাহজামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুড়ুলগাছী: ``চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানা পুলিশের এসআই মো. মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম ইনু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন সরো। অন্যদের মধ্যে কুড়ুলগাছী ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সকল ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মো. হাসমত। কার্পাসডাঙ্গা: `` ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ৩নং বিট পুলিশিং এর আয়োজনে ইউপি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা শওকত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, আশাবুল হক আশা, আব্দুল হান্নান, সমির, শহিদ বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল হাকিম প্রমুখ। উথলী: নারীর প্রতি সহিংসতা নিরসনে সারা দেশ নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সারা দেশের ন্যায় জীবননগর থানার আওতাধীন উথলী ইউনিয়নে ৪নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সন্তোষপুর বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিট পুলিশিং কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নারী ধর্ষণ ও নির্যাতন ছাড়াও বিট পুলিশিং সমাবেশে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ইভটিজিংসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং বিট অফিসার এসআই মহসিন আলী। এছাড়াও বক্তব্য দেন, উথলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারি বিট অফিসার মো. আহসান কবির, সাংবাদিক কাজী শামসুর রহমান চঞ্চল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল হাসান, আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন, আবিদ হোসেন প্রমুখ। অন্ষ্ঠুানটি পরিচালনা করেন সাংবাদিক সালাউদ্দীন কাজল। আন্দুলবাড়ীয়া: ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশের ন্যায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৫নং বিট পুলিশিং কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। জীবননগর থানার অধিনে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ও বিট পুলিশ অফিসার এসআই সোলায়মান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। মেহেরপুর: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মেহেরপুর জেলার ২৭টি বিট পুলিশিং কার্যালয়ে একযোগে নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং প্রতিরোধকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর থানার আয়োজনে শ্যামপুর ইউনিটের প্রায় ২শতাধিক নারী-পুরুষ নিয়ে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বাজারে শ্যামপুর বিটে পুলিশ সুপার এ উঠান বৈঠকের সূচনা করেন। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছেন। সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিকের উচিত নিজে থেকে সচেতন হওয়া। গ্রামের মানুষকে সচেতন করে তোলা, নারীদের নিরাপত্তা এবং সুবিচারের লক্ষে আমাদের এই বিট পুলিশিং কার্যক্রম।, এছাড়াও তিনি বলেন, ‘আমি আপনাদের সেবা করতে এসেছি। পুলিশি সহায়তা আপনাদের দোরগোড়ায় পৌছে দিতে আমরা কাজ করে চলেছি।’ এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর থানার ওসি শাহ দারা খান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল আনাম বকুল, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, এসআই হাবিব ইকবাল প্রমুখ। বারাদী: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'’ প্রতিপাদ্যে মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বালিকা বিদ্যালয়ের প্রাধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। এছাড়া উপস্থিত ছিলেন বারাদী পুলিশ ক্যাম্প ইনর্চাজ এসআই আব্বাস আলী, আরমান মেম্বার, মুর্শিদকুলি মেগা, বেলাল হোসেন মানিক, কিবরিয়া, সোহেল রানা, জাকির হোসেন, লিটন, সাইদুর রহমান ও বারাদী ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী রেবেকা খাতুন প্রমুখ। মুজিবনগর: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে উপজেলার ৫নং ভবরপাড়া বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ স্বরসতী খালের পাশে বিট পুলিশিং কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও মতবিনিময় করেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম। উক্ত বিট পুলিশিং ক্যাম্পের ইনচার্জ এসআই মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব হোসেন, দিলীপ মল্লিক, নারগিস খাতুন, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন, ওয়ার্ড যুবমহিলা লীগের সভাপতি অলিভিয়া মল্লিক, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান তুহিন, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন এপিপি জজ কোর্ট মেহেরপুর অ্যাড. সিরাজুল ইসলাম। ঝিনাইদহ: ‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি` স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হলিধানীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হলিধানী ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। কাতলামারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, হলিধানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাস্টার, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক নুর-ই আলম বিপ্লব, জেলা পরিষদ সদস্য আশরাফুল আলম মাস্টার, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হারুন উর রশীদ, হলিধানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আহবায়ক পারভেজ মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাল্টু প্রমুখ। ডাকবাংলা: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শনিবার দেশব্যাপী সমাবেশ করেছে পুলিশ। ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের সব বিটের মতো একযোগে গতকাল শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে বিট পুলিশিং এলাকা-৬ ‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা বাজার এলাকায় একটি র‌্যালী ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাগান্না ইউনিয়ন বিট পুলিশের সমাবেশে উপস্থিত ছিলেন, সাগান্না ইউনিয়ন বিট পুলিশিং এলাকা-৬ এর বিট অফিসার নুর আলম খান, সহকারী বিট অফিসার মাখন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-মামুন, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (একাংশ) মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মুন্সী শাহিন রেজা সাঈদ, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সভাপতি ইউনুস আলী ইনু, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নোয়াব আলী, ত্রিমহনী চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী প্রমুখ। কোটচাঁদপুর ‘নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন জায়গায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, কোটচাঁদপুর পৌর ফাঁড়ি ইনচার্জ আক্তরুজ্জামান লিটন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলি, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন। গতকাল শনিবার সকাল ১০টায় ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার বিট পুলিশিং-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)