দেশে আর কেউ না খেয়ে থাকবে না

আপলোড তারিখঃ 2020-10-17 ইং
দেশে আর কেউ না খেয়ে থাকবে না ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদতে বিশ্ব খাদ্য দিবস পালন: ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদনের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। কাজেই এদেশে আর কোনো দিন কাউকে ক্ষুধার্ত থাকতে হবে না। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেমিনার ও খাদ্য দিবস পালন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের সবকটি জেলার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে মূল অনুষ্ঠানস্থল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের আয়োজনেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এই সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বক্তৃতা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ ডং ইউ-এর পূর্বে ধারণকৃত একটি ভাষণ প্রচার করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষিক্ষেত্রের সাফল্যের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তাটা যেন নিশ্চিত থাকে এবং প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায় সেজন্য হতদরিদ্রের মাঝে আমরা বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা সবসময় অব্যাহত রাখব। একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়। একটি মানুষও আর গৃহহীন থাকবে না। প্রত্যেকটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেজন্য তাদের দোরগোড়ায় আমরা চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি, কেউ পুষ্টিহীনতায়ও ভুগবে না। এছাড়া মায়েদেরকেও আমরা মাতৃত্বকালীন আর্থিক সাহায্য দিচ্ছি, সদ্য প্রসূত মা বা যারা ব্রেস্ট ফিডিং করান তাদেরকেও আমরা আর্থিক সহায়তা দিচ্ছি। বিশাল সামাজিক নিরাপত্তাবলয়ের যে কর্মসূচি রয়েছে তার মাধ্যমেও আমরা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যের সাথে সাথে যাতে পুষ্টির নিশ্চয়তা হয় এবং মানুষ যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়- সেটাই আমাদের লক্ষ্য।’ ‘আসুন এই বিশ্বকে আমরা ক্ষুধা মুক্ত করি এবং জাতির পিতা যে চেয়েছিলেন-ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবসের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হক, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম প্রমুখ। মেহেরপুর: মেহেরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবসের উদ্বোধন করেন। এসময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশ্ব খাদ্য দিবসে বক্তব্য দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)