ছবির ক্যাপশন:
গত ৭২ ঘণ্টায় মহেশপুর সীমান্তে দালাল ও রোহিঙ্গাসহ ১৬ জন আটক
আসিফ কাজল, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রবণতা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। গত ৭২ ঘণ্টায় ৫ রোহিঙ্গাসহ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ১৬ জন আটক হয়েছে। প্রতিদিন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে জড়ো হচ্ছে এসব মানুষ। পরে সঙ্গবদ্ধ দালাল-চক্র মোটা অংকের টাকার বিনিময়ে তাঁদের সীমান্ত পার করে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
করোনা মহামারীর মধ্যেই কেন বাংলাদেশি নাগরিকদের মধ্যে দেশ ত্যাগের হিড়িক পড়েছে এমন প্রশ্নে ৫৮ বিজিবির পক্ষ থেকে যৌক্তিক কোনো তথ্য মেলেনি। তবে দারিদ্রতা ও কাজের সন্ধানে দলে দলে মানুষ ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে বলে আটক হওয়া ব্যক্তিরা জানান।
জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া মাঠ থেকে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ছয়জনকে আটক করে বিজিবি। এরমধ্যে আটককৃত দুজন হলেন- নড়াইল সদর উপজেলার শিংগা বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে রাজ কুমার সেন (২৩) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে কিরন চন্দ্র বিশ্বাস (৬২)। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী ৪ দালালকে আটক করা হয়েছে। আটককৃত চার দালালরা হলেন- মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ইব্রাহীম ফরাজির ছেলে আব্দুল কাদির (৩১), আলী আহাম্মদের ছেলে সাজ্জাদ হোসেন (২৩), সুলতান আলীর ছেলে আহসান হাবীব (২৪) এবং ইবাদত মন্ডলের ছেলে নুর ইসলাম মন্ডল। শুক্রবার দুপুরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে ৫৮-বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া গত বুধবার রাতে মহেশপুর উপজেলার খোসালপুর এলাকা থেকে ৫ জন ও মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে আরও ৫ জন রোহিঙ্গাকে মহেশপুর ৫৮ বিজিবি আটক করে।
