ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত নেই, সুস্থ ২
সমীকরণ প্রতিবেদন:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৮ জন সবমিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে।
গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৯৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৯ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫০৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি। গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে নয়জন পুুরুষ ও আটজন নারী।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নতুন কেউ শাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪৫৪ জন। গতকাল শুক্রবার রাত ৮ টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন ২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৩৭ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থবিভাগ ৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ৬ টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। যার সবগুলোই নেগেটিভ। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে কোন নমুনা সংগ্রহ করেনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় বর্তমানে করোনার প্রভাব অনেকটা কমে গেছে। নতুন ৬ জনের নমুনা পরীক্ষা রিপোর্ট এসেছে যার সবগুলোই নেগেটিভ। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১৭ জন চিকিৎসাধীন রয়েছে এবং হোম আইসোলেশন চিকিৎসাধীন রয়েছে ৬২ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ০৯ অক্টোবর তারিখের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৮৮৪ টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৭৫৮টি, পজিটিভ ১ হাজার ৪৫৪টি, নেগেটিভ ৪ হাজার ৩০৬টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৬২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৭ জন।
