ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন একজনের করোনা শনাক্ত, নমুনা সংগ্রহ ৬
সমীকরণ প্রতিবেদন:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৬০ জনে। এ সময় নতুন করে করেনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন। এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গতকাল দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৪৪৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৫২৯ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন আরও ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪৫৪ জন। গতকাল বুধবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৩৫ জন।
জানা যায়, গত বুধবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ ১৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ১৫টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকী ১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রন্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে নতুন ৪টি ও জীবননগর উপজেলা থেকে ২টি নমুনাসহ সংগৃহীত ৬টি নমুনা পরীক্ষার জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হোম আইসোলেশনে রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে এবং হোম আইসোলেশসে চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৮৮৪টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৭৫২টি, পজিটিভ ১ হাজার ৪৫৪টি, নেগেটিভ ৪ হাজার ৩০০টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৬৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৮ জন।
