ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবনে সন্ধ্যারাতে মাদকসেবন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সমবায় অফিসের পরিত্যক্ত ভবনে মাদকসেবনকালে সমবায় অফিসের এক স্টাফসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা মাঝেরপাড়ার মহিউদ্দিনের ছেলে চুয়াডাঙ্গা সমবায় অফিসের স্টাফ মেহেদী হাসান জুয়েল (২৬), চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫), একই এলাকার মৃত শাজাহানের ছেলে সালাউদ্দিন খান (৩০), দামুড়হুদার খাঁ’পাড়ার মৃত আনছার আলীর ছেলে সাবেক মেম্বার জাহিদুল ইসলাম (৩৫) ও দামুড়হুদার পুরাতন বাজারপাড়ার মৃত মখলেছুর রহমানের ছেলে জামাল উদ্দিন (২৮)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদানের পর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সমবায় অফিসের পিছনের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে বেশকয়েকজন মাদকসেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শিবানী সরকার ও জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এসময় আটক করা হয় চুয়াডাঙ্গা সমবায় অফিসের স্টাফ মেহেদী হাসান জুয়েল, পলাশপাড়ার ছালাউদ্দিন খান ও মাসুদ রানা এবং দামুড়হুদা এলাকার সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম ও একই এলাকার জামাল উদ্দিনকে। আটককৃত প্রত্যেকের কাছ থেকে ১পিস করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দলটি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের মধ্যে সমবায় অফিসের স্টাফ মেহেদী হাসান জুয়েলকে ৫ মাসের এবং বাকি চারজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ছিলেন আব্দুল লতিফ।
