ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবসে ভার্চুয়াল আলোচনাসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবস-২০২০ পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালভাবে চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন প্রমুখ।
ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এর সাথে মানুষের রুচি, সংস্কৃতি, আবহাওয়া, ভৌগলিক অবস্থানসহ নানা উপাদান জড়িত থাকে। তাই আবাসন মানুষের আকাক্সক্ষার সঙ্গে মানানসই, আধুনিক ও বিজ্ঞানসম্মত হওয়া আবশ্যক। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও গ্রামকে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রীয় দর্শন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শতভাগ বিদ্যুতায়ন, গ্রামে পাকা সড়ক নির্মাণ, রেল সংযোগ বৃদ্ধি, ভূমির পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে ডিজিটাল ল্যান্ড জোনিং, কৃষি ও আবাসনের জমির মধ্যে সামঞ্জস্য রক্ষার উদ্দেশ্যে শহরগুলোর জন্য মাস্টারপ্ল্যান প্রস্তুত করাসহ বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
