ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নির্বাচনী আলোচনা সভায় পৌর মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কেদারগঞ্জ-সিএন্ডবিপাড়ায় নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিএন্ডবিপাড়া জামে মসজিদের সামনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দেওয়া সাহসেই গতবার নির্বাচন করেছিলাম। আপনারা আমার অনুপ্রেরণা। আপনারাই আমাকে শক্তি-সাহস যুগিয়েছেন। আমি মেয়র হওয়ার পর যতটা সম্ভব আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। এই এলাকার উন্নয়নে কাজ করেছি। এখন আবার নির্বাচনের সময় হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে আমার পরিষদের মাধ্যমে যত টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে, আর কোনো পরিষদের মাধ্যমে এতো টাকার কাজ হয়নি।
তিনি আরও বলেন, কেউ কেউ দেখছি পোস্টার ছাপিয়েছেন। শ্রীমন্ত টাউন হলের স্থলে নয়তলা ভবন করবে। কি রকম মানুষ তাঁরা, আমি বুঝে উঠতে পারিনা। ঐ স্থানে নয়তলা বিল্ডিং তারা কি করবে? ওটার টেন্ডার তো ইতিমধ্যেই হয়ে গেছে। যেটি আমার পরিষদের মাধ্যমে হয়েছে। সে কাজ তো আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর হচ্ছে। আর কতটা মিথ্যার আশ্রয় নিবে তাঁরা। প্রিয় পৌরবাসী, আপনারা আগের কথা ভুলে যাবেন না। কীভাবে তারা স্বেচ্ছাচারিতা করেছেন। এখন নির্বাচন বলে, রূপ বদলে ভালো ব্যবহার করছে। তবে তাঁদের খারাপ ব্যবহারের কথা, ঘাড়ে ধাক্কা দেওয়ার কথা ভুলে যাবেন না। আবার আগের রুপে ফিরে আসতে সময় লাগবে না।
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু তাঁর পাশে থাকার আহ্বান জানালে উপস্থিত নেতা-কর্মীরা একবাক্যে সমর্থন প্রদান করেন। নেতা-কর্মীদের সমর্থনের সূত্র ধরে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা পাশে থাকলে আমি সাহস পাব।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, অ্যাড. নুরুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম আব্দুল গনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবর আলী, ওমর আলী মণ্ডল, শামসুল মণ্ডল, আলী মণ্ডল, আরশেদ মণ্ডল, আছির উদ্দীন কলম, হাফিজুর রহমান হাফিজ, ইমরান আহম্মেদ বিপ্লব, ওয়াসিম, ইছানুল হক ইশা, আব্দুল কুদ্দুস, সাব্বির আহম্মেদ, তৌহিদুল ইসলাম, শের আলী, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
