সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের সেবা দেওয়ার

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের সেবা দেওয়ার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুস্থ নারীদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১২০ জন নারীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ হাঁস বিতরণ করা হয়। পৌরসভার বিভিন্ন এলাকার দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষে পৌরসভার নিজস্ব অর্থায়নে জেন্ডার অ্যাকশন প্লানের আওতায় প্রত্যেক নারীকে ১০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেন্ডার অ্যাকশন প্লানের সভাপতি কাউন্সিলর সুলতানারা রত্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দুস্থ নারীদের হাতে উন্নতজাতের হাঁসের বাচ্চা ও ওষুধ তুলে দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জিপু চৌধুরী বলেন, ‘১০টি করে হাঁস হয়ত সংখ্যায় কম হতে পারে। তবে বাড়িতে যদি একটু কষ্ট করে এগুলো পালন করা যায়, তাহলে অবশ্যই লাভবান হবেন। আসলে আমরা চাই ক্ষুদ্র পরিসরে হলেও পৌরসভার যেসব নাগরিক আর্থিকভাবে একটু কম স্বাবলম্বী, তারা যেন নিজেরা প্রত্যেকে ছোট ছোট উদ্যোক্তা হতে পারে। আমরা আপনাদের সেই উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে সামান্য সহযোগিতা করছি মাত্র। তবে চেষ্টা করলে আপনারা অনেক কিছু করতে পারবেন।’ মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছিলেন বলে আজ আমি মেয়র। আপনাদের সেবা করতে পারছি। তবে এটিও সত্য এই পৌরসভায় এক দিন আপনাদের ঘাড়ে ধাক্কা দেওয়া হতো। কথা বলার সুযোগ দেওয়া হতো না। মার খেতে হতো। গালি শুনতে হতো। আমি মেয়র হওয়ার পর আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা রেখেছি। আগে যেই রুমে ঢুকতে দেওয়া হতো না, এখন সেখানে বসে আপনারা চা খেয়ে আসেন। আমাকে আপনারা আপনাদের সুখ-দুঃখের কথা বলতে পারেন। আমি আপনাদের কথা শুনি। এই স্বল্প সময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। সামনে ভোট আসছে, আপনারা আগের আর এখনকার কথা একটু বিবেচনা করে ভোট দিবেন। আগের সেই কষ্টের কথা মনে রাখবেন। এখন হয়ত কেউ কেউ ভালো সাজছে, তবে আবার তাঁরা আগের মতো খারাপ আচরণ করতে পারে। সে কথাও ভাববেন।’ চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, মেসার্স জাকির অ্যান্ড ব্রার্দাসের পরিচালক জাকির হোসেন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, নাজরিন পারভীন, শেফালী খাতুন, টিকাদান সুপারভাইজার আলী হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)