ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জনগুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট স্থাপন ও আধুনিকায়নের দাবিতে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট স্থাপন ও আধুনিকায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ইয়ুথ অ্যাসেম্বলি। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে তাঁরা এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপিতে ইয়ুথ অ্যাসেম্বলি দাবি জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট তেমন একটা নেই। এটি একটা বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা। আমাদের বড় বাজার চৌরাস্তার মোড় একটি জনসমাগম এলাকা। অগণিত নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ এখানে দূর-দূরান্ত থেকে আসছে, দীর্ঘপথ পাড়ি দিয়ে বাস থেকে নামছে। আবার দীর্ঘসময় যানবাহনের অপেক্ষায় থাকে। কিন্তু জরুরি প্রয়োজনে টয়লেট ব্যবহার করতে পারছে না। তারা ভীষণ অসুবিধায় পড়ছেন। পুরুষেরা আশপাশের মজসিদে গেলেও নারীরা যেতে পারেন না আবার মসজিদ সব সময় খোলা থাকে না। বিষয়টি আমাদের চরমভাবে ভাবিত করেছে। বিশেষ করে মা-বোনদের টয়লেট ব্যবহার নিশ্চিত করা দরকার। পৌর এলাকায় জনসমাগমস্থলে কোন টয়লেট নেই আবার যে দুই-একটা আছে সেগুলো ব্যবহার উপযোগী নয়। আমাদের কাছে যে যে জায়গাগুলোতে টয়লেট অত্যাবশ্যক বা থাকলেও ব্যবহার অনুপযোগী সে স্থানগুলো তুলে ধরছি- কোর্ট মোড় চত্ত্বর, চৌরাস্তা, বড় বাজার, নিচের বাজার, পোস্ট অফিসের সামনে, শিল্পকলা চত্ত্বর, একাডেমি মোড়, বাস টার্মিনাল, নতুন বাজার। আবার কিছু কিছু আছে সেগুলো কেউ জানে না। আমাদের কাছে বিষয়টি খুব জনগুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে বিধায় আপনার দৃষ্টি আকর্ষণ করে সার্বিক সহযোগিতা কামনা করছি।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইয়ুথ এসেম্বলি তৌফিক শুভ, মাশরাফি মর্তুজা, সুরাইয়া ইয়াসমিন, হোসেনে আরা, তামান্না খাতুন, হাবিব রায়হান, মোহাম্মাদুল হাসান প্রমুখ।
