প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে তথ্য সংগ্রহকালে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক এম এ সামাদ। যার জিডি নম্বর ১৩০৪। সাংবাদিক এম এ সামাদ ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, ঝিনাইদহে প্রগ্রেসিফ লাইফ ইন্স্যুরেন্স নামক সংস্থার নামে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাপারি পাড়ার সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম। অধিক মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘ ৮ বছর যাবত কিস্তি আদাই করে রাতের আধারে ২০১৫ সালে গাঁ ঢাকা দেন তিনি। তবে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। ভুক্তভোগীরা তাঁদের পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকেন তিনি। এ ব্যাপারে সাংবাদিক সামাদ জনান, ‘ব্যাপারিপাড়ার সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি ব্যাপারিপাড়ার অসহায় শাপলা খাতুনের অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর তথ্য সংগ্রহের জন্য আমিনুলের বাসায় যেয়ে তাঁকে না পাওয়ায় পরে তাঁর বড় ছেলে আরিফের নম্বরে ফোন দিলে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে আমি ঝুঁকিতে আছি। তাই সদর থানায় একটি জিডি করেছি।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেব।’
এদিকে সাংবাদিক সামাদকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ঝিনাইদহের সাংবাদিক মহল এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন।
