ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তাঁদের ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শহরের থানা কাউন্সিলপাড়ার বিল্লাল হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০) ও সদর হাসপাতাল পাড়ার মৃত মোজাম শেখের ছেলে জাহিদ হাসান পলাশ (৩২)। সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা একটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল সড়কের রিজিয়া খাতুন প্রভাতি স্কুলের সামনে থেকে রুবেল হোসেন ও জাহিদ হাসান পলাশকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিকেলে তাঁদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।
