চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2020-09-23 ইং
চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
ধর্ষণ মামলার আসামি স্কুল শিক্ষকের সুষ্ঠু বিচার ও শাস্তির দাবিতে নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মুক্তারপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ছাত্রীর পিতা। সংবাদ সম্মেলনের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সপরিবারে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল বিকেলে জীবননগর কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুন নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর এক ফাঁকে কৌশলে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার কথা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়। ওই ছাত্রী বাড়ি এসে তার মাকে ঘটনা জানায়। এরপর জীবননগর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। ওই মামলায় আসামি আল মামুন জামিনে মুক্তি পেয়ে বর্তমানে প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই পরিবারটিকে। পরিবারটি আরও অভিযোগ করে, ওই মামলার সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে ধর্ষক আল মামুন। এমনকি সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা জিডি পর্যন্ত করেছে। বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারের ওপরে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করে ওই ছাত্রীর পিতার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে ও জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, ভিকটিমের এমসি রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে ১৩৬৪ নম্বর স্মারকে থানার উদ্দেশ্যে ছাড়ার ঘটনা থানা কর্তৃপক্ষ অস্বীকার করছে। পরে আবার নতুন করে ভিকটিম ও ভিকটিমের বাবাকে পুলিশ হাসপাতালে নিয়ে যেয়ে জোর করে টিপ সইসহ স্বাক্ষর করে নিয়েছে। এভাবে নানাভাবে হয়রানি করা হচ্ছে তাঁদেরকে। ক্ষতিগ্রস্ত পরিবার মামলার আসামির বিরুদ্ধে সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)