ছবির ক্যাপশন:
ভোক্তা অধিকারের অভিযান : মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক জব্দ
নিজস্ব প্রতিবেদক:
মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার ভ্রাম্যমাণ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দামুড়হুদা উপজেলার মজলিশপুর ও রামনগর নতুনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক জব্দ করে নষ্ট করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, অভিযানে রামনগর নতুনপাড়ার মেসার্স রাব্বি ট্রেডার্সে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক ও অন্যান্য পণ্য জব্দ করে নষ্ট করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে মজলিশপুরে মেসার্স আলী স্টোরকে ৩৭ ও ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ, বিক্রয় রশিদ প্রদান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেওয়া হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
