ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
নিজ বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, একজন শিক্ষক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন আর নিজের ছেলেকে শহরের প্রাইভেট স্কুলে পড়ান। নিজে সরকারি বিদ্যালয়ের শিক্ষকতা করেন আর ছেলেকে প্রাইভেট বিদ্যালয়ে পড়ানো মানেই তো আপনি অযোগ্য। তাহলে অন্যরা কেন আপনাদের নিকট তাদের সন্তান পড়তে দেবে। আপনারা নিজের সন্তানকে নিজ বিদ্যালয়ে না পড়ালে আগামীতে সরকারি বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাবে। এটা অশনি সংকেত উল্লেখ করে সকল শিক্ষকদের আগামীতে নিজের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য অনুরোধ করেন।
উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ উপকরণ বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেতুঁলবাড়ীয়া ইউনিয়নের জেলা পরিষদ সদস্য মহম্মদ আলী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব, মহিলা কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম, মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমান প্রমুখ। এসময় ৭টি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার, ওয়াকার, ক্র্যাচ ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।
