ছবির ক্যাপশন:
দেশে করোনায় মৃত্যু ৪৭০০ ছাড়াল, নতুন আক্রান্ত ১২৮২ জন
সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০২ জনের। আর মোট আক্রান্ত ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১১ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ৩৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭২৩টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৫৯ শতাংশ। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৬১ জন বা ৭৭.৮৬ শতাংশ এবং নারী ১ হাজার ৪১ জন বা ২২.১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪০ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০.৯০ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের কোনো ফলাফল নেই। তবে এক দিনে নতুন করে ২১ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের কোনো ফলাফল নেই। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ৩৪৬ জন। গতকাল জেলায় নতুন করে ২১ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ২০ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড হয়েছেন ১৪ জন।
এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৬০টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩৫টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি, দামুড়হুদা উপজেলা থেকে ৮টি, জীবননগর উপজেলা থেকে ১২টি নমুনাসহ সংগৃহীত ৬০টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠিয়েছে। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৩১৩টি। জানা যায়, গত শুক্রবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ কোনো নমুনা সংগ্রহ করেনি। গতকাল কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার নতুন কোনো নমুনা পরীক্ষা হয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের নতুন কোনো ফলাফল নেই। তবে জেলায় আরও ২১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৩১৩টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ১৪৮টি, পজিটিভ ১ হাজার ৩৪৬টি ও নেগেটিভ ৩ হাজার ৮০২টি। গতকাল নতুন ২১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ২৬০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ২৪ জন।
