আলমডাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

আপলোড তারিখঃ 2020-09-13 ইং
আলমডাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার বাদেমাজুতে অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাতটার দিকে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল আলমডাঙ্গা থানাধীন বেলগাছি ইউনিয়নের বাদেমাজু গ্রামের কালিতলা মাঠের বটগাছ থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় প্রথমে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে আলমডাঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ নিচে নামায়। লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে। তবে গলায় পাটের আঁশ পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ বটগাছের ডালে ঝুলছিল। তাঁরা আরও বলেন, ‘মনে হচ্ছে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে লাশটিকে। এই লাশটি আমাদের গ্রামের কেউ না। এ গ্রামে আগে কথনো তাঁকে দেখেনি কেউ। হঠাৎ অচেনা কারো লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখার ঘটনায় গ্রামবাসী সবাই আতঙ্কের মধ্যে রয়েছি।’ এদিকে, গতকাল বেলা একটার দিকে নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে এসে পৌঁছায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরকে প্রধান, অর্থপেডিক কনসালট্যান্ট ডা. মিলোনুজ্জামান জোয়ার্দ্দার ও মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌসকে সদস্য করে তিন সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ডা. শামীম কবির বলেন, লাশের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া নিহতের গলায়ও দাগ দেখা গেছে। মেডিকেল বোর্ডের মাধ্যমে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্টে জানানো হবে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই আলমডাঙ্গা থানাধীন বাদেমাজু গ্রামের কালিতলামাঠে একটি বটগাছে অজ্ঞাতনামা একজন পুরুষের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ নিচে নামায়। নিহতের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।’ অপর দিকে, গতকাল শনিবার বিকেল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া না যাওয়ায় গতকালই আসরের নামাজের পর জানাজা শেষে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মাফিদুল ইসলামের মাধ্যমে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)