ছবির ক্যাপশন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮২৭
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮২৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৯৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এক দিনেই সুস্থ হয়েছেন আরও ২৬ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জন। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ২৬ জনসহ এ পর্যন্ত মোট ৯৫৬ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ২ জন রয়েছেন। ১১ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী। বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।
জানা যায়, গত মঙ্গলবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ৩১টি নমুনারই ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১১টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ২০টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৪৫টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৪টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৬টি, দামুড়হুদা উপজেলা থেকে ৫টি, জীবননগর উপজেলা থেকে ১০টি নমুনাসহ সংগৃহীত ৪৫টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল সুস্থ ২৬ জনের মধ্যে সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১১ জন, আলমডাঙ্গা উপজেলা হোম আইসোলেশন থেকে ৫ জন, দামুড়হুদা উপজেলা হোম আইসোলেশন থেকে ২ জন ও জীবননগর উপজেলার হোম আইসোলেশন ৮ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন অথবা প্রতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিত করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ২৩১টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৮১টি, পজিটিভ ১ হাজার ৩২৩টি ও নেগেটিভ ৩ হাজার ৭৫৮। গতকাল নতুন ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৫৬ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩০২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ২৩ জন।
