ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ গেল আরও ৩৫ জনের, নতুন শনাক্ত ১৯৫০
সমীকরণ প্রতিবেদন:
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৪৭ এ। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। স্বাস্থ্য অধিপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুতে বিদেশ ফেরতদের মধ্যে করোনা ধরা পড়লেও পরে তা ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোনো ফলাফল নেই। তবে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ১০ জন সুস্থ হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ঝিনাইদহে করোনায় এক দর্জির মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোনো ফলাফল নেই। গতকাল শনিবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়। এদিকে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে করোনা আক্রান্ত আব্দুর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ১০ জনসহ এ পর্যন্ত মোট ৮৬৭ জন সুস্থ হয়েছেন। জেলায় সর্বশেষ গত শুক্রবার ৮ জন করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ২৯২ জন। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল সুস্থ ১০ জনই চুয়াডাঙ্গা সদর উপজেলা হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের এক তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে মেহেরপুরের ৩৬টি, ঝিনাইদহের ৫১টি ও কুষ্টিয়ার ৯৫টি নমুনাসহ মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে মেহেরপুরের ১২টি, ঝিনাইদহে ২২ জন ও কুষ্টিয়া জেলার ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার কোনো ফলাফল পাইনি জেলা সিভিল সার্জন অফিস। করোনা আক্রান্ত সন্দেহে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল করোনা প্রটোকলে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এদিকে, করোনা থেকে গতকাল সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১০ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৯৪টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৯৬২টি, পজিটিভ ১ হাজার ২৯২টি ও নেগেটিভ ৩ হাজার ৬৭০টি। গতকাল নতুন ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৮৬৭ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩৫২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৫ জন।
মেহেরপুর:
মেহেরপুর জেলায় নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, গাংনীতে ৪ জন এবং মুজিবনগরে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬১ জনে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্ত ৩৬টি রিপোর্টের মধ্যে ১২টি পজিটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩ হাজার ৬২৫টি। মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ৭৫ জন। এর মধ্যে সদরে ২৬, গাংনী ৩৩ ও মুজিবনগরে ১৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। তাঁর মধ্যে সদরে ৬, গাংনী ৫ ও মুজিবনগরে ১। সুস্থ হয়েছেন ৪২৯ জন। অন্যত্র রেফার্ড করা হয়েছে ৩৯ জনকে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে সুনিল কুমার বিশ্বাস (৬৮) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি শহরের হামদহ নতুন পল্লী এলাকার সত্যপদ বিশ্বাসের ছেলে। এ নিয়ে করোনাভাইরাসে ঝিনাইদহে ৩২ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, সুনিল কুমার বিশ্বাস করোনা উপসর্গ নিয়ে গত ২১ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২৬ আগস্ট তাঁর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তাঁকে ওইদিন ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার ভোরে মারা যান। তিনি হামদহ বাসস্যান্ড এলাকায় দর্জির কাজ করতেন। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নের্তৃতে সুনিল কুমার বিশ্বাসকে মহিষাকুণ্ডু শ্মশানে হিন্দু ধর্ম অনুযায়ী সৎকার করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৫৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকার সম্পন্ন করল।
