চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস পালনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৩৮৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে পরিষদ চত্বরে এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বরচিত লেখা পাঠ করেন সুমন মালিক, ইব্রাহিম খলিল, অমিতাভ মীর, গোলাম কবীর মুকুল, শাহেদ জামাল, সুমন রশিদ, সিরাজ উদ্দিন, আনছার আলী প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে আবৃতি করেন সরদার আলী হোসেন। পদধ্বনির এই আসরটি জাতীয় কবির স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। আসরের প্রায় প্রতিটি লেখায়ই ছিল কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে। পঠিত লেখার ওপর আলোচনাসহ বিদ্রোহী কবির সাহিত্য ও কর্মের ওপর জ্ঞানগর্ভ আলোচনা করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সরদার আলী হোসেন, কাজল মাহমুদ, রাজিব আহমেদ ও অমিতাভ মীর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আনছার আলী। উল্লেখ্য, নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতি শুক্রবার বিকেলে এই সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়। নতুন লেখিয়েসহ সকল সাহিত্যানুরাগীদের জন্য এই আসর উন্মুক্ত।
