ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগরে ছহির উদ্দীন (৭০) নামের মসজিদের এক মুয়াজ্জিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রামের মাদ্রাসা ও কবরস্থানের পাশে মুখোশধারী দুজন তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাইনি পুলিশ। নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহের দেখভালের কাজ করতেন। একই সঙ্গে মাদ্রাসার পাশের মসজিদের মুয়াজ্জিন হিসেবে পাঁচ ওয়াক্ত আজান দিতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল সকালে গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এ সময় মুখে কালো মুখোশ পরা দুজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়ে দুর্বৃত্তদের খুঁজতে বের হলেও তাঁদের কোনো হদিস মেলেনি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে তদন্ত ও মরদেহ উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্নভাবে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।’
