কল রেকর্ড করে ব্লাকমেইল, কিশোরীর আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2020-08-27 ইং
কল রেকর্ড করে ব্লাকমেইল, কিশোরীর আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মোবাইল ফোনে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক এক তরুণের। নিয়মিত কথা হয় তাদের মধ্যে। কিশোর মনের প্রেমের সেই গল্পগুলো এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কিশোরীর। কিশোরীর সরল মনে বলা কথাগুলো রেকর্ড করে এখন ব্ল্যাকমেইল করছে ওই তরুণ। বিষয়টি সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে দরিদ্র পরিবারের ওই কিশোরী। মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে এমন এক ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। তবে আত্মহত্যার মতো ভুল পথে না গিয়ে এখন আইনের আশ্রয় নিয়ে পরিস্থিতি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে ওই কিশোরীর পরিবার। বিচার দাবি করেছেন অভিযুক্ত তারিকের। কিশোরীর অভিযোগ, জুগিন্দা গ্রামের সরকারি স্কুলপাড়ায় খোয়াজ আলীর ছেলে তারিকুল ইসলাম তারিকের সঙ্গে মোবাইলে তার প্রেমের সম্পর্ক হয়। মোবাইলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে নানা গল্প হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিশোরী বুঝতে পারে তার প্রেমিকের ভিন্ন উদ্দেশ্য। পবিত্র প্রেম সম্পর্কের মধ্যে কিশোরীর শরীর ভোগ করার জন্য নানা ছলচাতুরি করতে থাকে ওই তরুণ। বিষয়টি টের পেয়ে প্রেমিকের ওপরে চরম ঘৃণা জন্মে ওই কিশোরীর। এক পর্যায়ে প্রেমিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে নানাভাবে হুমকি দেয় তারিক। দুজনের মধ্যে প্রেমের গল্পের বিষয়টি মোবাইলে রেকর্ড করে তা আগেই সংরক্ষণে রেখেছিল প্রেমিক তারিক। দুজনের কথোপকথন ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে আয়ত্তে আনার অপচেষ্টায় লিপ্ত হয় সে। প্রায়ই নানাভাবে উত্ত্যাক্ত শুরু করে তারিক। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোরী। বিষয়টি নিয়ে এক পর্যায়ে মেয়ের পরিবারের পক্ষ থেকে তারিকের পরিবারকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই নিরুপায় হয়ে আত্মহননের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছিল বলে জানায় ওই কিশোরী। কিশোরী জানায়, ‘আমাকে সমাজের কাছে মুখ দেখাতে দেবে না, অন্য কোথাও আমি বিয়ে করতে না পারি, এমন হুমকিতে আমি ভীত হয়ে পড়ি। এখন পরিবার ও আত্মীয়-স্বজনরা আমাকে আশ্বাস দিয়েছে। তারিকের বিরুদ্ধে মামলা করে বিচার চাইব আদালতে।’ আইনের আশ্রয় না নিয়ে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নেওয়া অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করে ওই কিশোরী। এই বিষয়ে গাংনী থানার ওসি বলেন, অভিযোগ হাতে পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)