ছবির ক্যাপশন:
সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনা
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় ছয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ওই তদন্ত কমিটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনে। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জেসমিন নাহারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সদস্যরা এ সময় দুর্ঘটনায় আহত কয়েকজনের সাক্ষাৎকারও নেন। ৮ আগস্ট শনিবারের দুর্ঘটনায় কোথাও কোনো গাফিলতি ছিল কীনা, নাকি এটা নিছকই দুর্ঘটনা? আর গাফিলতি যদি থেকেই থাকে তাহলে কার? এসব খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় বিআরটিএ-এর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মাদ মাহবুর ই-রব্বানী, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা পুলিশের টিআই (প্রশাসন) ফখরুল ইসলাম, যশোর হাইওয়ে পুলিশের এএসপি ফরহাদ হোসেন, যশোর বারোবাজার থানার ওসি মাহবুর রহমান, বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক আতিয়ার রহমান, বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মাহফুজ রহমান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লাহ শেখ, সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল আলিম উপস্থিত ছিলেন। এই তদন্ত কমিটি তাদের তদন্ত শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে বলেও জানা গেছে।
