ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মকবুল হোসেন প্লাজার তৃতীয় তলায় ফুড সাফারী রেস্টুরেন্টে কমিউনিটি পরামর্শ সভা চলছিল। সভায় ঝিনাইদহ শিশু পার্ক সংরক্ষণে আদালতের আদেশ এবং মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার একপর্যায়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ঝিনাইদহের মূল শহরের এইচএসএস সড়কে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষেও জড়িয়ে পড়ে তারা। এ সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। পরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো মুহূর্তে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কাও করছে সচেতন মহল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
