ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া-আসমানখালী বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে মেসার্স দেশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭, ৫১ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স নুহু নবী সাইকেল স্টোরে লাইসেন্সের শর্ত অমান্য করে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কিছু ফলের দোকান পরিদর্শন করে তাঁদেরকে ফলের মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতেও নির্দেশনা দেন সহকারী পরিচালক সজল আহমেদ। পরে ভালাইপুর-আসমানখালী-হাটবোয়ালিয়া রোডে বাস, নসিমনগুলো অতিরিক্ত ভাড়া নেওয়া বা স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না, তা তদারকি করেন তিনি। কয়েকটি বাস ও নসিমনে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। এ সময় অনিয়মকারী কিছু বাসের বাড়তি ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং পরবর্তী সময়ের জন্য তাঁদের সাবধান করে দেওয়া হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
