ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
গাংনীতে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে ধর্ণা দিয়েছেন স্ত্রী বিলকিস। গতকাল বুধবার সকাল থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি। স্ত্রীর অধিকার না পেলে আত্মহত্যার মতো অভিশপ্ত পথ বেছে নিবেন বলেও হুমকি দেন বিলকিস। ঘটনাটি ঘটেছে মেহেরপুর গাংনীর ছাতিয়ান গ্রামের শেখপাড়ায়।
জানা গেছে, গাংনীর খাসমহল গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে বিলকিস কুষ্টিয়া ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী। বছর দেড়েক আগে তাঁর সঙ্গে পরিচয় ঘটে ছাতিয়ান গ্রামের শওকত মেম্বারের ছেলে সাব্বিরের। দীর্ঘদিন ধরে মন বিনিময় ও গোপন প্রণোয়ের পরে ঘর বাধার সিদ্ধান্ত নেন দুজনে। সে অনুযায়ী বছর খানেক আগে কুষ্টিয়া আদালতে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে নানা অজুহাতে নিজ বাড়িতে নিয়ে আসতে তালবাহানা করেন সাব্বির। বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অবস্থান করতেন। সম্প্রতি বিয়ের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বিলকিস ছাতিয়ানে এসে সাব্বিরের বাড়ির দরজায় ধর্ণা দেন।
বিলকিস জানান, সাব্বির তাঁর সঙ্গে প্রতারণা করছেন। কোনো মতেই বাড়ি উঠাতে চান না। এখন স্ত্রীর অধিকার দিতে নারাজ। স্বামী সাব্বির জানান, ভুল করে বিয়ে করেছেন, এখন কিছু টাকা দিয়ে বিলকিসকে তালাক দিতে চান।
এদিকে সাব্বিরের বাবা শওকত আলী মেম্বর জানান, ছেলে একা বিয়ে করেছে, তাই এ বিয়ে মেনে নিবেন না। ছেলের কোনো অপরাধের ভাগি হবেন না তিনি।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে বিট পুলিশিংয়ের একটি টিম ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদকে জানানো হয়েছে। তিনি সামাজিকভাবে বিষয়টি সমাধানের আশ^াস দেন।
