ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নওলামারীতে ‘মাওলানা আর্শাদুল আলম (রাহ.)-এর জীবন ও অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ‘মনিদুহা’ ফেসবুক গ্রুপের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এলাকার স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে। মাওলানা আব্দুর রবের সঞ্চালনায় ‘মাওলানা আর্শাদুল আলম স্মৃতিচারণ’ পর্বে বক্তব্য দেন নওলামারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আর্শাদুল আলমের জ্যেষ্ঠপুত্র হাবিবুর রহমান, আলমডাঙ্গা আনন্দধাম মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক ও মাওলানা আর্শাদুল (রাহ.)-এর নাতি নাজমুস সাকিব। আলোচনা সভায় মূল প্রবন্ধ প্রস্তুত করেন মাওলানা ইমদাদুল হক।
বক্তারা মাওলানা আর্শাদুল আলমের সংগ্রামী ও বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। তাঁরা বলেন, মাওলানা আর্শাদুল আলম (রাহ.) ১৯০৮ সাল নওলামারী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের ১৮ আগস্ট ইন্তেকাল করেন। তিনি যেমন সংগ্রাম করে নিজেকে গড়ে তুলেছিলেন, তেমনি মানুষের কল্যাণে জীবনভর সংগ্রাম করেছেন। ইসলাম, মুসলিম উম্মাহ ও সর্বোপরি মানুষের জন্যই নিবেদিত ছিল তাঁর সারাটা জীবন। মানুষের মধ্যে ধর্মীয় ও জাগতিক জ্ঞান বিস্তারের জন্য তিনি মাদ্রাসা-স্কুল প্রতিষ্ঠা করেছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, জনপদের পর জনপদ ছুটে বেড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওলামারী আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আনোয়ার হোসেন, খাসাকররা হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক, মাগুরা কলেজের প্রভাষক বাশার সরোয়ার, ক্বারী তোফাজ্জল হোসেন, মাওলানা জুলফিকার আলী, মাওলানা আব্বাস উদ্দীন, মাওলানা ফরিদুল ইসলাম, কাজী পিণ্টু, আবুল হোসেন মণ্ডল প্রমুখ।
মাওলানা আর্শাদুল আলম এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ প্রোগ্রামটির সার্বিক সহযোগিতায় ছিল মাওলানা আর্শাদুল আলম কল্যাণ ট্রাস্ট, মাওলানা আর্শাদুল আলম স্মৃতি পাঠাগার, মাওলানা আর্শাদুল আলম এতিমখানা ও নওলামারী আলিম মাদ্রাসা। অনুষ্ঠানটি সফল করার জন্য সর্বাত্মক শ্রম দিয়েছেন জুনায়েদ উদ্দীন, মিনহাজ শোভন, আল মাসুদ, আব্দুল মমিন, লাল মোহাম্মদ, সবুজ হোসেন, শামীম রেজা, সোহানুর রহমান, মুস্তাফিজুর রহমান শীতল, হাবীবুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মাওলানা আর্শাদুল আলম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
