ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ তাঁর পরিবারের ৭ জন সদস্য করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলায় গতকাল বৃহস্পতিবার আরও তিনজন আক্রান্ত হয়েছেন। মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তাঁর পরিবারের সবাই জ্বরে ভুগছিলেন। ১০ আগস্ট তাঁরা নমুনা প্রদান করেন। নমুনা পরীক্ষায় এমপি সাহিদুজ্জামান খোকন, তাঁর স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেত্রী লায়লা আরজুমান বানু, বড় ছেলে সাইফ, ছোট ছেলে সামিউজ্জামান, রাজনৈতিক সহকারী শামীম, জাহিদ ও রাশেদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে আক্রান্ত সবাই সুস্থ রয়েছেন। তেমন কোনো শারীরিক সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন এমপি সাহিদুজ্জামান। এমপি পরিবার ছাড়াও গতকাল আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঁরা হচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তুহিন রহমান, হিসাবরক্ষক আজাদুর রহমান আজাদ ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের এক কৃষক।
