করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু!

আপলোড তারিখঃ 2020-08-14 ইং
করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন ৬৭ জনের নমুনা সংগ্রহ, আরও ১১ জন সুস্থ মেহেরপুরে ১০, ঝিনাইদহে ১৬ ও কুষ্টিয়ায় ১৩ জন শনাক্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন কোনো করোনার ফলাফল আসেনি। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস করোনার কোনো ফলাফল পায়নি। জেলায় গতকাল বৃহস্পতিবার ১১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৪২ জন। এদিকে, গতকাল করোনা উপসর্গ নিয়ে আব্দুর রশিদ নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে নিহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের বাসিন্দা। জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কিছুদিন যাবৎ জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গত বুধবার তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা সকাল ৯টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আব্দুর রশিদের শরীরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, বুধবার (১২ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে জরুরি বিভগে নেয়। তাঁর শরীরে করোনার উপসর্গ থাকায় হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে তিনি মারা যান। মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গায় সর্বশেষ গত বুধবার ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সদর উপজেলার মুক্তিপাড়ার করোনা উপসর্গ নিয়ে মৃত ভৈরব মিয়া ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১৫ জন রয়েছেন। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৬৭টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ৫২টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১২টি ও জীবননগর উপজলো থেকে ৩টি নমুনাসহ সংগৃহীত ৬৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গার প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও হোম আইসোলেশন থেকে নতুন ১১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৮৫ জন। এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে মেহেরপুরের ২৪টি, ঝিনাইদহের ৫৩টি, কুষ্টিয়ার ৬২টি, মাগুরার ২৭টি, নড়াইলের ৭২টি নমুনাসহ ২৩৮টি নমুনা পরীক্ষা করে মেহেরপুরে ১০ জন, ঝিনাইদহের ১৬ জন, কুষ্টিয়ায় ১৩ জন, মাগুরার ৯ জন ও নড়াইলের ১৪ জন জনসহ মোট ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাকিগুলোর ফলাফল নেগেটিভ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ১৭৯টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৮টি, পজিটিভ ৯৪২ জন, নেগেটিভ ৩ হাজার ৬৬ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ৪৮৫ জন ও মৃত্যু ১৭ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)