ছবির ক্যাপশন:
বিশ্ব সাহিত্য কেন্দ্রের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিজ হাতে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চুয়াডাঙ্গার পাঠকদের মধ্যে বৃক্ষ বিতরণ করে।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে, ঠিক তেমনভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণির জীবনধারণ অসম্ভব। যথেষ্ট পরিমাণে গাছপালা ও বনভূমি না থাকলে পরিবেশ হবে উষ্ণ, পৃথিবী হবে মরুভূমি-ধূলিকাময়।’ তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের আরও বেশি পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে।’ বৃক্ষরোপণকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
