জীবননগরে পানিবন্দী প্রায় ৫০টি পরিবার!

আপলোড তারিখঃ 2020-07-26 ইং
জীবননগরে পানিবন্দী প্রায় ৫০টি পরিবার! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইসলামপুরের প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন যাবৎ পানিবন্দী অবস্থায় বসবাস করছে। পানি বের হওয়ার তেমন কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ইসলামপুরের প্রায় ৫০টি পরিবারের সদস্যরা পড়েছেন চরম দুর্ভোগে। সরেজমিনে দেখা গেছে, জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল হক সড়কের পানি কোথাও বের হতে না পারায় ওই মহল্লার সব পানি রাস্তার ওপর জমে নদীতে পরিণত হয়েছে। ওই মহল্লার আশেপাশের বেশ কিছু বাড়ির মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। যদি এখানে পানি নিস্কাশনের ব্যবস্থা করা না হয়, তাহলে মানুষের শরীরে পানিবাহিত রোগ হতে পারে। পাশাপাশি এ মহল্লায় এইডস মশা বিস্তার করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ইসলামপুর গ্রামের বাসিন্দা শামসুল আলম বলেন, ‘আমাদের এখান দিয়ে পানি নিস্কাশনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে এ মহল্লায় পানি জমে থাকে। ফলে আমাদের যাতায়াতে চরম বিপাকে পড়তে হয়।’ একই কথা বলেন ভ্যানচালক মশিয়ার রহমান। তিনি বলেন, ‘বাড়ি থেকে বের হতেই হাটু পানি। চার্জার ভ্যান নিয়ে পানি পার হতে অনেক সমস্যা হয়। গাড়িতে পানি ঢুকে যাওয়ায় দুইবার গাড়িটা সারতে ছয় হাজার টাকা খরচ হয়েছে।’ এ বিষয়ে জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান বলেন, ‘ইসলামপুর গ্রামের একটা অংশে পানি জমে থাকে। ওই মহল্লায় ড্রেন না থাকায় পানি বের হতে পারছে না। ফলে ওই মহল্লার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। বিষয়টি আমি মেয়র সাহেবকে বলেছি। আশা করি, খুব দ্রুত সমাধান হবে।’ এদিকে, শুধু ইসলামপুরেই নয়, জীবননগর পৌরসভার প্রায় সব ওয়ার্ডের একই অবস্থা। ড্রেন থাকলেও সেটি পরিস্কার না করায় ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, জীবননগর পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে যে সব ড্রেন আছে, সেগুলো যদি পরিস্কার না করা হয়, তাহলে একদিকে যেমন সাধারণ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হবে, অন্যদিকে ডেঙ্গু রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এগুলো সংস্কার এবং পরিস্কার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন জীবননগর পৌরবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)