করোনায় পুলিশ-সাংবাদিকসহ তিনজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
করোনায় পুলিশ-সাংবাদিকসহ তিনজনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনসাইদহে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের একজন সাব ইন্সপেক্টরসহ তিনজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফুটবলার হাফিজুর রহমান (৬২), ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর ও মাগুরার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামের মৃত দলিল উদ্দীন বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম (৫৫) ও শহরের আপরাপপুর খাঁ পাড়ার সিতাব উদ্দীন (১০৪)। সাবেক সংবাদ কর্মী হাফিজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের মৃত বাবর আলীর ছেলে। বর্তমান হামদহ এলাকায় বসবাস করতেন। তিনি ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫ ও ১৯৮৬-৮৭ সালে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। হাফিজুর রহমান যশোর থেকে প্রকাশিত তৎকালীন জনপ্রিয় দৈনিক রাণার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় সরকারি হিসাব মতে ১৬ জন এবং বেসরকারি হিসাব মতে ২০ জনের মৃত্যু হলো। বাকি ৫ জন ঝিনাইদহে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ র্পাথ বিশ্বাস। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত পহেলা জুলাই সাবেক সাংবাদিক হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতাল (শিশু হাসপাতাল) ৮দিন ভর্তি ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থায় অবনতি হলে গত ১৭ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেন। ঢাকা থেকে লাশ ঝিনাইদহে আসার পর ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হবে বলে সূত্র জানায়। ঝিনাইদহ পুলিশের টাউন সাব ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঝিনাইদহ কোভিড হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে ইন্তেকাল করেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি মৃতের গোসল, কাফনের কাপড় ও ডেডবডি ব্যাগে নিয়ে লাশ গ্রামের বাড়িতে সন্ধ্যায় দাফনের ব্যবস্থা করবেন বলে জানা গেছে,। এদিকে, ঝিনাইদহ পৌরসভার আরাপপুর খাঁ পাড়া ১০৪ বছর বয়সী মো. সিতাব উদ্দীন গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতাল (শিশু হাসপাতাল) ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের লাশ দাফন কমিটি বিকেলে সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নের্তৃত্বে দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন। এই নিয়ে লাশ দাফন কমিটি ৩২টি লাশ দাফন করল বলে জানান ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। এদিকে সাবেক সহকর্মী হাফিজের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শেখ সেলিম, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম এবং সম্পাদক আলাউদ্দীন আজাদ সাবেক প্রেসক্লাব সম্পাদক হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, আশির দশকে সাংবাদিক হাফিজুর রহমান প্রেসক্লাব উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)