প্রতিবেদক, ঝিনাইদহ:
এক অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন কাতলামারি পুলিশ ফাঁড়ির এএসআই মোল্লা এনামুল। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মালিতাপাড়ার মৃত ইবারত হোসেনের ছেলে মকবুল হোসেন (৬০)। বেশ কিছুদিন তিনি প্যারালাইসজনিত সমস্যায় কোনো কাজ করতে না পারায় সাহায্য ও ভিক্ষাবৃত্তির কাজ করে সংসার চালাতেন। কিন্তু এক মাস পূর্বে টাইফয়েডজনিত রোগে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। থেমে যায় সংসারের চাকা। একদিকে স্ত্রী-সন্তান না খেয়ে অন্যদিকে নিজের চিকিৎসা খরচ কে চালাবে। তাঁর এই অসহায়ত্বের কথা সোস্যাল মিডিয়ায় প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার সকালে কাতলামারি পুলিশ ফাঁড়ির এএসআই মোল্লা এনামুল চাল, ডাল, আলু ও তেল নিয়ে হাজির হন মকবুলের বাসায়। এ সময় তিনি এই অসহায় মকবুল হোসেনের চিকিৎসা ও বিভিন্ন খোঁজখবর নেন। এদিকে, তাঁর এই মহৎ উদ্যোগকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে এনামুল জানান, ‘আমি আমার সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ইতোপূর্বেও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
